বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হতে আর ২০ দিনও বাকি নেই। আড়ালে-অন্তরালেই চলছে ফ্রাঞ্চাইজিগুলোর প্রস্তুতি। তবে আগের তিন আসরে যেভাবে টুর্নামেন্ট শুরুর আগে একটা সাজ সাজ রব পড়ে যেতো, এবার তেমনটি হচ্ছে না। কারণ, এখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলছে ক্রিকেট সিরিজ। ওয়ানডের পর এখন সবাই ব্যাস্ত টেস্ট সিরিজ নিয়ে।
এরই ফাঁকে ফ্রাঞ্চাইজিগুলো ব্যস্ত তাদের সর্বশেষ প্রস্তুতি নিতে। জাতীয় ক্রিকেট লিগ পিছিয়ে দিয়ে ফ্রাঞ্চাইজিগুলো তাদের ক্রিকেটারদের ডেকে নিয়েছে প্রস্তুতি নেয়ার জন্য। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও পিছিয়ে নেই। তারাও প্রস্তুতিতে সর্বশেষ পোচটা দিতে ব্যস্ত।
গত আসরের চ্যাম্পিয়নদের দৃষ্টি এবারও শিরোপার দিকে। এই লক্ষ্যে তাদের অভিযাত্রার পথে সবচেয়ে বড় নাবিক বলুন আর ট্রাম্প কার্ড বলুন, তিনি হলেন মাশরাফি বিন মর্তুজা। দলের অধিনায়কও বটে। তার অধীনেই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। তবে, অন্যভাবে বললে, বিপিএলের গত তিন আসরের চ্যাম্পিয়নই হলেন বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সির অধিনায়ক।
গত তিন আসরের ধারাবাহিকতায় এবারও মাশরাফি শিরোপার মুকুট পরতে চাইতে পারেন। তবে, আপাতত তার দৃষ্টি বিপিএলের সেমিফাইনালের দিকেই। তিনি প্রথমেই নিশ্চিত করতে চান, দল সেমিফাইনালে খেলছে- এই ব্যাপারটি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। দলের প্রতিটি সদস্যই খুব ভালো খেলে। তারা আগে কোথায় খেলতো, সেটা কোন বিষয় নয়। তবে, অবশ্যই তারা খুব ভালো ক্রিকেটার। যদি সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারে, তাহলে নিশ্চিত আমরা একটা ভালো ফল অবশ্যই করতে পারবো। তবে আমাদের প্রথম লক্ষ্য হলো, অবশ্যই সেমিফাইনাল নিশ্চিত করতে হবে।’
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email

No Comments